28.6 C
Dhaka
Monday, June 15, 2026

আ.লীগের নেতাকর্মীদের নিয়ে এনসিপি প্রতিষ্ঠিত হচ্ছে: আমিনুল হক

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি দাবি করেন, আওয়ামী লীগের লোকদের নিয়ে এনসিপি মিছিল ও মিটিং করছে।

শনিবার (৩ মে) রাজধানীর খিলক্ষেতের তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-এর দুটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক আরও বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে বাঁচানোর জন্য এবং পুলিশের গ্রেপ্তার থেকে রক্ষা করার জন্য অর্থের বিনিময়ে এনসিপি তাদের দলে নিচ্ছে।”

মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ ইস্যুতে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে আলোচনা না করার প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। জনগণের পরামর্শ ছাড়াই তারা নিজেদের মত করে করিডোর দেওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক দল, সংসদ এবং জনগণকে পাশ কাটিয়ে করিডোর দেওয়ার চেষ্টা করলে এ দেশের জনগণ তা মেনে নেবে না।”

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদের সরকারে বসিয়েছি, তারা এখন নির্বাচন চাইলে জ্বালা মনে করে।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে।”

এ সময় উপস্থিত ছিলেন:
বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আফাজ উদ্দিন, মো. ইউসুফ, মহানগর যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ