27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

বাংলাদেশিদের জন্য সীমিতভাবে ভিজিট ভিসা চালু করেছে আমিরাত

advertisment
- Advertisement -spot_img

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের নাগরিকদের জন্য সীমিত আকারে ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতের সময় এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হুমুদি।

সাক্ষাতে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন, বিশেষত ভিসা সুবিধা ও বিনিয়োগ সহযোগিতার লক্ষ্যে ইউএই সরকারের বিভিন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য। তিনি জানান, বর্তমানে ঢাকায় আমিরাত দূতাবাস প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।

বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে একাধিক ভিসা দ্রুত ইস্যুর প্রক্রিয়া শুরু হয়েছে, যা দুই দেশের মধ্যে ব্যক্তিগত এবং বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করছে।

এছাড়া, ইউএই মানবসম্পদ মন্ত্রণালয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষ কর্মীদের জন্য আবারও কর্মসংস্থান ভিসা প্রদান শুরু করেছে। এর আওতায় সম্প্রতি মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মীসহ বিভিন্ন পেশার জন্য ভিসা ইস্যু শুরু হয়েছে। এরই মধ্যে ৫০০ নিরাপত্তা রক্ষীর ভিসা ইস্যু হয়েছে এবং আরও ১,০০০ ভিসার অনুমোদন দেওয়া হয়েছে, যা শিগগিরই ইস্যু হবে।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মানবিক ও বিশেষ বিবেচনার মামলাগুলোতে নমনীয়তা বজায় রাখা হবে।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশ ও আমিরাতের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং এর টার্মস অব রেফারেন্স ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

এই মাসেই একটি উচ্চ পর্যায়ের ইউএই মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ