বিএনপির উপদেষ্টার দাবি, দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়
ঢাকা, ৪ মে:
“বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না”—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, “বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। সারাদেশে ৭৫ ভাগ মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। প্রয়োজন নির্বাচনমুখী ও বাস্তবভিত্তিক সংস্কার।”
তিনি বলেন, “যে নির্বাচন রাতের অন্ধকারে হয়, জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, সে নির্বাচন বিএনপি চায় না। বিএনপি নির্বাচনের মাধ্যমেই জনগণের রায় নিতে চায়।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “জিয়াউর রহমান দেশের নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছিলেন। আজ যখন আমরা ভোটের কথা বলি, তখন একটি কুচক্রী মহল অস্বস্তিতে পড়ে যায়। তাই অবিলম্বে একটি নিরপেক্ষ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করতে হবে।”
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “জনগণকে ভয় পাবেন না, ভোটের অধিকার ফিরিয়ে দিন।”


