স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন।
প্রতিবেদনটিকে “যুগান্তকারী পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “স্বাস্থ্যখাতের বহুদিনের সমস্যাগুলোর সমাধানে এই সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা যায়, তা হবে এক ঐতিহাসিক অগ্রগতি।”
তিনি জানান, যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের এখন থেকেই মনোযোগী হতে হবে।
স্বাস্থ্য খাতের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিকিৎসক সংকট এবং সঠিক স্থানে চিকিৎসক না থাকার সমস্যা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “চিকিৎসকদের যেখানে পোস্টিং, সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিকেন্দ্রীকরণ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।”


