লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। মঙ্গলবার (৬ মে) সকালে তার দেশে প্রত্যাবর্তনের সময় সড়কে অতিরিক্ত জনসমাগম ও যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার আগমন উপলক্ষে ঢাকা বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় জনসাধারণকে কিছু নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে।
ডিএমপির ১০ নির্দেশনা:
১. ফুটপাতে অবস্থান: জনসাধারণকে সড়কে না থেকে ফুটপাতে অবস্থান করতে বলা হয়েছে। নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
২. বিকল্প সড়ক ব্যবহার: গুলশান/বনানী থেকে উত্তরা পর্যন্ত এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ:
- কামারপাড়া–ধউর ব্রিজ–মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
- হাউজ বিল্ডিং–জমজম টাওয়ার–উত্তরা সেন্টার–মিরপুর ডিওএইচএস
- গুলশান-১/পুলিশ প্লাজা–মহাখালী হয়ে এক্সপ্রেসওয়ে
- মহাখালী থেকে গাবতলী রোড হয়ে যানবাহন চলাচল
- বনানী/কাকলী র্যাম্প পরিহার করে মহাখালী বা এফডিসি র্যাম্প ব্যবহার
৩. সেনানিবাস সড়ক: হালকা যানবাহনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেনানিবাস সড়ক খোলা থাকবে।
- সিএনজি ও মোটরসাইকেল: নির্ধারিত টোল ও গতিসীমা মেনে সিএনজি ও মোটরসাইকেল এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।
৫. রেলপথ ব্যবহার: ট্রেন যাত্রীদের সুবিধার্থে বিশেষ থামার ব্যবস্থা ও একটি অতিরিক্ত শাটল ট্রেন পরিচালিত হবে।
৬. হজযাত্রী ও পরীক্ষার্থীদের প্রস্তুতি: এয়ারপোর্টগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে রওনা হওয়ার পরামর্শ।
৭. মেট্রোরেল ব্যবহার: মিরপুর ও উত্তরাবাসীকে মেট্রোরেল ব্যবহারের পরামর্শ।
৮. ব্যাগ ও লাঠি বহন নিষেধ: অভ্যর্থনাকারীরা কোনো ব্যাগ বা লাঠি বহন করতে পারবেন না।
৯. গাড়িবহরে অংশগ্রহণ নিষেধ: খালেদা জিয়ার গাড়িবহরে কোনো যানবাহন যোগ দিতে পারবে না।
১০. মোটরসাইকেল নিষেধাজ্ঞা: অভ্যর্থনাকারীরা মোটরসাইকেল নিয়ে রাস্তা বা জনতার মাঝে চলাচল করতে পারবেন না। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলে মোটরসাইকেল চলবে।
ডিএমপি সকল নাগরিকের কাছে সহযোগিতা কামনা করেছে, যাতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন নির্বিঘ্ন ও নিরাপদ হয়।


