বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ড. জোবাইদা রহমান আজই মাকে দেখতে যাবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একটি এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন ড. জোবাইদা রহমান।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ঢাকা পোস্টকে জানান, “তিনি (ড. জোবাইদা রহমান) মাকে দেখতে হাসপাতালে যাবেন। তবে কখন যাবেন, সেই সময় এখনো নির্ধারিত হয়নি।”
জানা গেছে, গত ২ মে বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুকে রাজধানীর পান্থপথ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী এবং একজন খ্যাতিমান সমাজসেবী।
দীর্ঘদিন ধরে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন ‘সুরভী ফাউন্ডেশন’-এর মাধ্যমে। সমাজসেবায় অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক অর্জন করেন।


