সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় না আনতে পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আলাপের সময় এ ঘোষণা দেন তিনি। এর আগে তিনি জেলা প্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকের সময় বাইরে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমি তো অস্বীকার করছি না—ঘটনার আগেও ধরছি, ঘটনার দুই দিন পরেও ধরছি। আমি এখানে এসে বিস্তারিত জেনেছি এবং সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে বলেছি।”
তিনি আরও বলেন, “যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের শুধু পদচ্যুত করলেই হবে না—তদন্ত করে শাস্তির আওতায় আনতে হবে। কোনও অবস্থাতেই তাদের ছাড় দেওয়া যাবে না। যদি আমি এটা নিশ্চিত করতে না পারি, তাহলে নিজেই দায়িত্ব ছেড়ে দেব।”
এসময় তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, এ ঘটনায় জড়িত কেউই পার পাবে না।


