পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারতের নিখুঁত হামলার পর, বলিউডে সম্ভাব্য যুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের জন্য ‘অপারেশন সিঁদুর’ শিরোনাম নিবন্ধনে হুড়োহুড়ি পড়ে গেছে। ইতোমধ্যে প্রায় ১৫টি স্টুডিও ও প্রযোজক প্রতিষ্ঠান ভারতের মোশন পিকচার প্রযোজক সমিতিতে শিরোনামটি দখলের জন্য আবেদন জমা দিয়েছে।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর সভাপতি বি.এন. তিওয়ারি ইন্ডিয়া টুডেকে জানান, ২২ এপ্রিলের পাহালগাম হামলার প্রতিক্রিয়া ও সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানের পরপরই এই আবেদনগুলো জমা পড়ে।
একটি সূত্র জানিয়েছে, জাতীয় বা আন্তর্জাতিক বড় ঘটনা ঘটলেই বলিউডে এভাবে শিরোনাম সংরক্ষণের প্রবণতা দেখা যায়। অনেক সময় সিনেমা না হলেও, ভবিষ্যতের পরিকল্পনার কথা মাথায় রেখেই শিরোনাম রেজিস্ট্রেশন করা হয়। বিশেষত ‘উরি’, ‘ওয়ার’ ও ‘ফাইটার’-এর সফলতা দেখার পর নির্মাতারা যুদ্ধভিত্তিক সিনেমাকে আবারও সম্ভাবনাময় মনে করছেন।
চলচ্চিত্র নির্মাতা আশোক পন্ডিতও ‘অপারেশন সিঁদুর’ শিরোনামের জন্য আবেদন করেছেন। তিনি বলেন, “শিরোনাম রেজিস্ট্রেশন সিনেমা তৈরির প্রথম ধাপ। হয়তো সিনেমা হবেই এমন নয়, কিন্তু ঘটনাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমি জানি পাকিস্তানি সন্ত্রাসবাদ আমাদের কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে এ বিষয়ে সিনেমা বানানোর ভাবনা আমার জন্য ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ।”
বাণিজ্য সূত্রে জানা গেছে, প্রথম আবেদনকারী হিসেবে এগিয়ে রয়েছেন মহাবীর জৈনের প্রযোজনা প্রতিষ্ঠান। এছাড়াও আশোক পন্ডিত, পরিচালক মধুর ভান্ডারকর, টি-সিরিজ ও জি স্টুডিওর মতো প্রতিষ্ঠানের নামও শোনা যাচ্ছে এই প্রতিযোগিতায়।
সূত্র – ইন্ডিয়া টুডে


