ঢাকা:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আর কোনও সুযোগ দেওয়া হবে না। ফ্যাসিবাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে—এই প্রশ্নে কোনও আপস হবে না।
শনিবার (১০ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলন আরও জোরালো হবে। ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকেও এতোদিন কেন নিষিদ্ধের পদক্ষেপ নেয়নি?” তিনি আরও জানান, দলটির পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনা টিভি অফিসে স্মারকলিপি দিতে যাবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “এই সরকারের ৯ মাস অতিবাহিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সরকার একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, অন্যদিকে বিচারের নামে তামাশা করছে। আমরা গণহত্যার বিচার চাই। আওয়ামী লীগ কোনও নির্বাচনে অংশ নিতে পারবে না।”


