গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১১ মে) গণমাধ্যমকে তিনি বলেন, “সরকারের গেজেট প্রকাশের পর আমরা নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি ও স্পিরিট বিবেচনায় রেখেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।”
তিনি আরও জানান, যদি গেজেট সোমবার প্রকাশিত হয়, তাহলে সেদিনই কমিশন সিদ্ধান্ত গ্রহণে বসবে।
এর আগে শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সোমবার (১২ মে) এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হবে।
গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে চলে গেলে নতুন করে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল।
এরই মধ্যে গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নিষিদ্ধকরণসহ তিনটি দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন দৃষ্টি দেশবাসীর।


