রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের পরবর্তী শুনানি আগামীকাল (১৪ মে, বুধবার) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই শুনানি হয়। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। শুনানি শেষে আদালত পরবর্তী দিন ধার্য করেন।
জামায়াতের আইনজীবীরা বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ঘটনাটি উপমহাদেশের ইতিহাসে বিরল। তারা দাবি করেন, হাইকোর্ট যেভাবে দলটির নিবন্ধন বাতিল করেছে, তা আইনগত প্রক্রিয়ায় সঠিক হয়নি এবং রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২০২۳ সালের ২২ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিরুদ্ধে করা আপিল পুনরুজ্জীবিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে ১২ মার্চ থেকে এ বিষয়ে শুনানি শুরু হয়। এতে করে দলটি পুনরায় নিবন্ধন এবং নিজস্ব প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়।
উল্লেখ্য, হাইকোর্টের রায়ে ২০১৩ সালে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। সেই রায়ের পর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে।
আগামীকালকের শুনানিকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। জামায়াতের নিবন্ধন পুনরুদ্ধার ও প্রতীক ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে চলছে নানা আলোচনা।


