27.1 C
Dhaka
Monday, June 22, 2026

সরকার চালু করলো ‘আমি প্রবাসী’ অ্যাপে সিভি তৈরি ফিচার

advertisment
- Advertisement -spot_img

সরকার অনুমোদিত ‘আমি প্রবাসী’ মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টালে চালু হয়েছে নতুন সিভি (জীবনবৃত্তান্ত) প্রস্তুত ফিচার। বাংলা ভাষাভিত্তিক মেশিন লার্নিং চ্যাটবট ব্যবহার করে এই ফিচার দ্রুত, সহজ ও পেশাদারভাবে সিভি তৈরি করতে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ মে) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাত্র ৫–৭ মিনিটে সহজ প্রশ্নোত্তরের মাধ্যমে ব্যবহারকারীর দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবে পিডিএফ ফরম্যাটে সিভি তৈরি করে দেয় চ্যাটবটটি। এরপর ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে এটি ডাউনলোড, শেয়ার অথবা সংরক্ষণ করতে পারবেন।

‘আমি প্রবাসী’-এর ব্যবস্থাপনা পরিচালক তারিক-ই-হক বলেন, “অনেক মানুষ জানেন না সিভি কীভাবে তৈরি করতে হয়। এই ফিচার যেকোনো ব্যক্তির জন্য সিভি প্রস্তুতকে সহজ করে দিয়েছে। বাংলায় চ্যাট করে এখন যে কেউ পেশাদার জীবনবৃত্তান্ত তৈরি করতে পারবেন। বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে এটি সময়োপযোগী উদ্যোগ।”

এরই মধ্যে প্রায় ১ লাখ ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করেছেন। তাদের মধ্যে ৩ হাজার ৫১২ জনের রয়েছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, এবং ৩১ হাজার ৩৮৯ জন ২০ থেকে ৩০ বছর বয়সী। প্রকৌশলী রয়েছেন ১ হাজার ৩৩৫ জন।

‘আমি প্রবাসী’ প্ল্যাটফর্মটি মূলত প্রবাসী বাংলাদেশিদের বিদেশে চাকরির জন্য ওয়ান-স্টপ সেবা দিয়ে থাকে। অভিবাসন খরচ কমানো, স্বচ্ছতা বৃদ্ধি এবং অনলাইনে সরকারি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এটি চালু করা হয়।

আসন্ন আপডেটে ফিচারটিতে এসএমএসে সিভি শেয়ার এবং কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক ডাউনলোড সুবিধা যুক্ত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ