ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “শাহবাগে জাতীয় সংগীত বন্ধের আন্দোলনের বিরুদ্ধে সাম্য একটি ফেসবুক পোস্ট দিয়েছিলো। সেটিই কী তার মৃত্যুর কারণ? বিগত ১৬ বছর আমরা ছাত্রলীগের নিপীড়ন ও সন্ত্রাস দেখেছি। এখন তো তারা নেই। তাহলে এখনও কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে?”
রিজভী বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। পুলিশকে গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।”
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “কোনও বিশেষ রাজনৈতিক দলের বা আদর্শের অনুসারীদের যদি সুবিধা দিয়ে বাকিদের প্রতি বৈষম্য করা হয়, তাহলে তার পরিণতি ভালো হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”
মানববন্ধনে উপস্থিত অন্য নেতাকর্মীরাও সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তাদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে, যা বন্ধ না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।


