নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৭ মে
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করতে গেলে পুলিশের ব্যারিকেডে আটকে যান তার সমর্থকরা।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ডিএসসি ভবনের সামনে থেকে লংমার্চ শুরু হয়। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেস ক্লাব পার হয়ে সচিবালয়ের দিকে এগোতে থাকলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। বাধার মুখে মিছিলটি নগর ভবনের সামনে ফিরে আসে।
এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন—
“শপথ নিয়ে টালবাহানা, চলবে না”, “অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই”, “জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই”।
এর আগে ইশরাক সমর্থকরা নগর ভবন অবরুদ্ধ করে তৃতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকেই লংমার্চ শুরু হয়।
সাধারণ কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন এবং নগর ভবনের সব গেট বন্ধ করে দেন, ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় কার্যত অচল হয়ে পড়ে। কোনো কর্মকর্তা বা সেবাপ্রার্থী ভবনে ঢুকতে পারেননি।
বিক্ষোভকারীদের অভিযোগ,
“আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এটা জনগণের সঙ্গে বেঈমানি।”
তারা শপথ কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পরাজিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল এক রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। ২২ এপ্রিল, রায়ের কপি পাওয়ার পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়।


