মাদারীপুর প্রতিনিধি | ১৭ মে
মাদারীপুরে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক এক কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শনিবার (১৭ মে) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রাজৈর উপজেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা এনসিপির প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় রাজিব মাঘা, মনির ফকিরসহ আরও অনেকে।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগদানকারী আমিনুল হাওলাদার বলেন,
“আমি ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে, আমি তাদের সমর্থন করেছি। এনসিপির কার্যক্রম দেখেছি— তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ এনসিপিতে যোগ দিলাম। আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতিকে নিয়েই এনসিপির একটি দুর্গ গড়ে তুলব।”
রাজৈর উপজেলা এনসিপির প্রতিনিধি মহাসিন ফকির বলেন,
“আমাদের সততা ও আদর্শ দেখে আজ খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদারসহ অনেকে আমাদের দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।”
আরেক প্রতিনিধি জাবের হাওলাদার বলেন,
“১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন্য নয়। এ দেশে যেন আর কেউ ফ্যাসিস্ট বা একনায়কতন্ত্র কায়েম করতে না পারে, সেজন্য আমরা ছাত্র, জনতা, আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়তে চাই। আজ দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ মাছ ব্যবসায়ী এনসিপিতে যোগ দিয়েছেন।”
এ সময় তিনি টেকেরহাট কাচাবাজারে অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরে বলেন,
“সরকারি অবকাঠামো না থাকায় মাছ ও কাচামাল ব্যবসায়ীরা রাস্তায় দোকান বসাতে বাধ্য হচ্ছে। তাদের কাছ থেকে জনপ্রতি ২০০-২৫০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন, প্রায়ই মারামারি পর্যন্ত হচ্ছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।”


