ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কর্মসূচি শুরু করে সংগঠনটি, যা চলে সন্ধ্যা পর্যন্ত। প্রায় আড়াই ঘণ্টা পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলে যান চলাচল স্বাভাবিক হয়।
ছাত্রদলের নেতারা এ সময় দাবি করেন, সাম্য হত্যাকাণ্ডে প্রশাসনের অবহেলা রয়েছে এবং প্রকৃত হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি। সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করা হয়।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সাম্য হত্যার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। আমরা তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। তা না হলে সামনে আরও কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত থাকুন।”
দলটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “১২০ ঘণ্টা পার হলেও এখনো হত্যাকারী ধরা পড়েনি। ভবিষ্যতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হলে কেউ চুপ করে বসে থাকবে না।”
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন, মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হচ্ছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।


