ঢাকা, ২৪ মে ২০২৫ —
জুলাই অভ্যুত্থানের শহীদ হাসানের স্মরণে আয়োজিত জানাজা থেকে প্রতিজ্ঞা উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৪ মে) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমরা ভুলব না, থামব না।”
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হলো শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান—যিনি বুক টানটান করে দাঁড়িয়েছিলেন হাসিনাশাহীর বিরুদ্ধে।”
তিনি অভিযোগ করেন, “এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পরও হত্যাকারীদের বিচার থমকে আছে। বিচার চাইলে নানা ব্যাখ্যা আর দীর্ঘসূত্রিতা দেখানো হচ্ছে।”
হাসনাত আরও বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে কেউ দায়মুক্তি পাবে না—চাই সে প্রধান উপদেষ্টার উপদেষ্টা হোক কিংবা কোনো প্রভাবশালী ব্যাক্তিত্ব।”
তিনি জানাজাকে বিদায়ের চেয়ে একটি নতুন শপথ হিসেবে উল্লেখ করে বলেন, “এই জানাজা শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি প্রতিজ্ঞার সূচনা। আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই, বিচার থেকে কেউ পার পাবে না। আমরা ক্ষমা করব না।”
এ বক্তব্যের মাধ্যমে এনসিপি নেতারা আবারও স্পষ্ট করলেন, জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং বিচারের দাবিতে তাদের অবস্থান কঠোর ও অপ্রতিরোধ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রতি নতুন চাপের সৃষ্টি করবে।


