সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না হলে, তা অভ্যুত্থান পরবর্তী কলঙ্কে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলায় বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে আয়োজিত এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, “নির্বাচন তড়িঘড়ি করে করতে গেলে তা কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আমরা চাই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছ নির্বাচন হোক। না হলে এটি অভ্যুত্থান পরবর্তী একটি কলঙ্কে পরিণত হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছিল দুর্নীতির আখড়া। তারা দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলেছে, দুর্নীতি দমন নয়।”
পথসভায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। বক্তারা চলমান সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং রাজনৈতিক জবাবদিহিতার দাবি জানান।


