বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৬ মে) সকালে নীলফামারীর ডোমারে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দেন তিনি।
সারজিস আলম বলেন, “বাংলাদেশে খুনি হাসিনার ফিরে আসার কোনো সুযোগ নেই। যদি আসে, তবে একমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যই আসবে। দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।”
তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য “হাজারেরও বেশি মায়ের বুক খালি করেছেন”। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, “ওই খুনির বিচার বাংলাদেশে হওয়া উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিচারের বিষয়ে দায়িত্বশীল থাকতে হবে।”
এনসিপি নেতা আরও বলেন, “যে স্বপ্ন সামনে রেখে তরুণরা জীবন দিয়েছে, আমরা চাই সেই স্বপ্ন অনুযায়ী সিস্টেম সংস্কার হোক। আমরা বিভাজন নয়, ঐক্য চাই।”
বর্তমান সরকার প্রসঙ্গে সারজিস বলেন, “এখন যারা সরকারে রয়েছেন, তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি নন। তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি, এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা তাদের জায়গা করে নিয়েছেন। তাই এখন সময় ঐক্য ধরে রেখে সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার।”
পথসভায় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


