এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সেনাপ্রধান বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু সেনাবাহিনীর এ কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতি থেকে আলাদা করতে হবে এবং তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের তিনটি ভিত্তিমূল হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সেটা হবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে আমাদের বাহিনীর দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এনবিআর, সচিবালয়, বন্দর থেকে এখনও দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে।
নাসীরুদ্দীন আরও অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে যে কালো আইন প্রণীত হয়েছিল, সেই আইনের ভিত্তিতেই ৫ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন নির্বাচনী আসনে রিটার্নিং অফিসার হিসেবে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক নিয়োগ দেওয়া হচ্ছে।


