মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুর মামলায় আবারও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।
সকালে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে নিয়মিত হাজিরার জন্য মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। বিচারক সাদবীর ইয়াছিন আহসান চৌধুরীর এজলাসে শুনানি শেষে ২০১৩ সালের সিংগাইরে হত্যা মামলায় চার দিন এবং ২০১৮ সালের হরিরামপুরে জেলা বিএনপির সভাপতির বাসায় হামলা ও ভাঙচুর মামলায় দুই দিনসহ মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালত প্রাঙ্গণে এ সময় জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা মমতাজ বেগমের শাস্তির দাবিতে স্লোগান দেন। পুলিশের প্রিজনভ্যানে তোলার সময় তারা ডিম নিক্ষেপ করেন। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মমতাজ বেগমের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করলেও আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া দিয়ে রিমান্ড মঞ্জুর করেন। মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


