29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি

advertisment
- Advertisement -spot_img

রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। একই দিনে আরও দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। পরবর্তীতে আরও ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। কিন্তু এসব আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে প্রেস সচিবের মাধ্যমে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে নির্বাচন বিষয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ ছিল না, যা আমাদের হতাশ করেছে।

তিনি বলেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি। বরং আমরা বরাবরই ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছি। সংস্কার ও নির্বাচন একটি চলমান প্রক্রিয়া—এই দুই প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে বলেই আমরা বিশ্বাস করি।

মোশাররফ হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে।’ আমরা মনে করি, একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমেই এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।

তিনি আরও বলেন, ফ্যাসীবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার এখনই সময়। সরকার যদি এই লক্ষ্যে কাজ না করে, তাহলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষ থেকে তাদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশিত হলেও এখনো শপথ গ্রহণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন মোশাররফ।

তিনি বলেন, জনগণের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। এটাই এখন দেশের সর্বোচ্চ জন-আকাঙ্ক্ষা।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ