33.5 C
Dhaka
Friday, June 12, 2026

জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২৭ মে ২০২৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল বিভাগ খালাস দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড় হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণকারীরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ‘রাজাকারমুক্ত বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান। শাহবাগ মোড়ে পুলিশের বাধা সত্ত্বেও মিছিলকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যান।

রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, “গণঅভ্যুত্থানের দশ মাসে পরে আমরা দেখতে পেলাম, একাত্তরের সাজাপ্রাপ্ত আলবদর কমান্ডার আজহার বেকসুর খালাস পেল। এটি এই সরকারের পক্ষ থেকে জাতির সঙ্গে বেইমানি।”

তিনি আরও বলেন, “যারা একাত্তরে দালালি করেছে, তাদের এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। মানবতাবিরোধীদের সঙ্গে আপস করলে সরকারকেও এর জবাবদিহি করতে হবে।”

বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, “একজন যুদ্ধাপরাধীকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া প্রমাণ করে, সরকার ৭১-এর গণহত্যাকারীদের পক্ষ নিচ্ছে। দেশের মানুষ এটি কখনোই মেনে নেবে না।”

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “মিছিলে পুলিশের বাধা দেওয়ার বিষয়ে আমার জানা নেই এবং এমন কোনো নির্দেশনাও ছিল না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ