বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ৭ জুন (১০ জিলহজ) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের আটটি জেলার বিভিন্ন স্থানে চাঁদের দেখা মিলেছে। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন দপ্তর, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশেষ করে কুড়িগ্রামের আকাশে বুধবার সন্ধ্যার পর চাঁদের দেখা মেলে বলে জানানো হয়।
অন্যদিকে, দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, সৌদি আরবে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হয়েছে। ৫ জুন (৯ জিলহজ) আরাফাতের ময়দানে হজযাত্রীরা জড়ো হবেন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব।
বিশ্বের অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ায়ও ঈদ উদযাপিত হবে ৬ জুন, তবে মালয়েশিয়া ও পাকিস্তানে ঈদ হবে ৭ জুন।
আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও প্রান্তরে সমবেত হন এবং ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয় পবিত্র ভূমি।


