প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে এবং স্ত্রীসহ আতিক মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
রোববার (১ জুন) দুদকের কর্মকর্তারা নগদের গুলশান অফিসে অভিযান চালান। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন গণমাধ্যমকে জানান, আতিক মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে নগদে এই অভিযান চালানো হয়।
এছাড়া প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রীর চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও অসঙ্গতি পাওয়া গেছে বলে জানান ইকরাম হোসেন।
নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুদক তলব করেছে। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, নগদের কর্মকর্তা না হয়েও আতিক মোর্শেদ প্রতিষ্ঠানটির অফিসে নিয়মিত যাতায়াত করতেন এবং প্রভাব খাটিয়ে তার স্ত্রীকে চাকরি দেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতিক মোর্শেদ। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, এখন পর্যন্ত তিনি মাত্র দুইবার নগদ অফিসে গেছেন, তাও অফিসিয়াল প্রয়োজনে। আর তার স্ত্রী নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।


