ঢাকা, ৩ জুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল ফ্যাসিজমের বিদায় ঘটানো। দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিস্টরা চলে গেলেও ফ্যাসিজম এখনো রয়ে গেছে। এর কালো ছায়া জাতির ঘাড়ে চেপে বসে আছে।”
আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ের মাধ্যমে পুনরায় নিবন্ধন ফিরে পাওয়ার প্রেক্ষিতে।
ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিজমকে চূড়ান্তভাবে বিদায় দিতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। এমন একটি নির্বাচনের মাধ্যমেই গঠিত হতে পারে একটি ন্যায্য সরকার, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক ভূমিকা। আমরা বিশ্বাস করি, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সময়ের দাবি।”
সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


