ঢাকা, ৪ জুন — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের নেতৃবৃন্দের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিলের খবর সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বঙ্গবন্ধুসহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে, তা সঠিক নয়। এটা একটি মিসলিডিং (বিভ্রান্তিকর) নিউজ হয়েছে।”
ফারুক-ই-আজম আরও বলেন, “মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধ পরিচালনা করেছে। এটা তো ঐতিহাসিক সত্য। এই ইতিহাস কীভাবে পরিবর্তন করা যায়?”
উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার গুজব ছড়িয়ে পড়ে। তবে সরকারিভাবে এমন কোনো সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়নি।


