31.6 C
Dhaka
Monday, June 22, 2026

লন্ডন যাচ্ছেন ড. ইউনূস: রাজনৈতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ সফর

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৪ জুন:
আসন্ন কোরবানির ঈদের পর যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরকে রাজনৈতিক সমর্থন আদায়ের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ৯ মাসে এটি হবে ড. ইউনূসের নবম বিদেশ সফর। যদিও এর আগে কোনো সফরই পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর ছিল না, যুক্তরাজ্য সফরটি সে দিক থেকে আলাদা গুরুত্ব পাচ্ছে।

সূত্র জানায়, লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে দেখা এবং সেদিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে তাঁর হাত থেকে “কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড” গ্রহণ করবেন ড. ইউনূস। গত বছর এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

এর আগের দিন, ১১ জুন লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে রোহিঙ্গা সংকট, অর্থপাচার রোধ, বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য, এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনসহ নানা বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, ড. ইউনূস যুক্তরাজ্যের খ্যাতনামা নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপেও অংশ নেবেন।

ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে—যুক্তরাজ্য এই সফরের মাধ্যমে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জানাবে। বিশেষ করে জুলাই-আগস্টের নৃশংসতার বিচার এবং গণতান্ত্রিক সংস্কারের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের ক্ষেত্রে এ সফর তাৎপর্যপূর্ণ হতে পারে।

এদিকে, আজ (৪ জুন) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে ড. ইউনূসের সফর নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১৪ জুন সকালে দেশে ফিরবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ