ঢাকা, ৪ জুন:
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, “ইউনূস সাহেব, পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।”
মঙ্গলবার (৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত ‘গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলেন, আমরা ডিসেম্বরেই নির্বাচন চাই। কিন্তু আমরা তো তা বলিনি। ডিসেম্বরের নির্বাচন নিয়ে কথা বলেছেন ইউনূস সাহেব। আমরা শুধু বলেছি, আপনি যে ওয়াদা করেছেন, তা রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসেনি।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে পার্থ আরও বলেন, “আপনার ক্ষমতার উৎস জনগণ। যেহেতু সংসদ নেই, আপনার ক্ষমতার উৎস আমরা—রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সকলে। আপনি সংস্কারের কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষের সংস্কারের কোনো প্রস্তাব আসছে না। আজ দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে, তার কোনো সমাধান নেই। ব্যবসায়ীরা এনবিআরসহ নানা চাপের মুখে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে—তাদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নেই।”
তিনি আরও বলেন, “১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনি যদি সেই ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেন, তাহলে মানুষ আপনাকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আমরা সবাই আপনাকে সম্মানের চোখে দেখব।”
আন্দালিব রহমান পার্থ বলেন, “নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। নির্বাচনের মাধ্যমে জনগণ ক্ষমতায়িত হয়। সব সমস্যার সমাধান একদিনে সম্ভব না হলেও, নির্বাচন হল সেই প্রক্রিয়ার প্রথম ধাপ। বাকি সংস্কারগুলো সময়ের সঙ্গে হবে।”


