নারায়ণগঞ্জ, ৪ জুন:
পার্শ্ববর্তী দেশ ভারত লাগাতারভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “এই অপপ্রচার প্রতিরোধ করতে হলে দেশে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”
বুধবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “অন্তর্বর্তী সরকার বিভ্রান্ত না হয় এবং ভুল পথে না চলে—সেজন্য বিএনপি সমালোচনা করে। এমন কোনো বক্তব্য বা পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে নিজেদের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। নিজেদের ঐক্য অটুট রাখা এখন সময়ের দাবি।”
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার ‘উন্নয়নের শবক’ জনগণের সামনে তুলে ধরছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদকে দাফন করতে হলে গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। যদি নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না আসে, তাহলে দেশের সংকট কখনোই দূর হবে না।”


