রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং ক্ষমতার পরিসর নিয়ে আলোচনার শুরুতেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয় পর্বের আলোচনার সূচনায় এ কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
আলী রীয়াজ বলেন, “আমাদের হাতে সময় কম। যত দ্রুত সম্ভব সবাইকে একমত হয়ে জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “কমিশনের অনেক সীমাবদ্ধতা আছে। এসবের মধ্যেও আলোচনা ফলপ্রসূ করতে সবার সহযোগিতা প্রয়োজন। যেসব বিষয়ে আজ সমঝোতা হবে না, সেগুলো নিয়ে আগামী সপ্তাহে আবার আলোচনা হবে।”
আজকের চতুর্থ দিনের আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে, তার মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, এবং নির্বাচনী এলাকা নির্ধারণ।
আলী রীয়াজ জানান, এখনো যেসব বিষয়ে সমঝোতা হয়নি, সেগুলো নিয়েই আজকের আলোচনার সূচনা হবে।
আজকের বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
বিএনপির পক্ষে আলোচনায় অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এনসিপির হয়ে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আর জামায়াতের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


