দক্ষিণ সিটিতে নাগরিকসেবা যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তাতে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (১৯ জুন) ৪৪টি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনলাইনে উদ্বোধন শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে চলমান সংকটের কারণে দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম স্থবির রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। ইস্যুটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি অভিযোগ করেন, “দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন নাগরিকসেবায় সমস্যা দেখা দিচ্ছে। তারপরও মন্ত্রণালয় চেষ্টা করছে নাগরিকদের সর্বোচ্চ সেবা দিতে।”
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।


