28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

দেশে চালু হলো গুগল পে

advertisment
- Advertisement -spot_img

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয়। এতে আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি নগদবিহীন সমাজ গড়ে ওঠে।’

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে গ্রাহকেরা দেশে ও বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সক্ষম পস টার্মিনালে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজ ও ঝামেলাবিহীনভাবে লেনদেন করতে পারবেন। ‘গুগল পে’তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। এর ফলে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট—আলাদা করে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন পড়বে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা—সব লেনদেন এখন মুঠোফোনেই সম্ভব হবে।

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ‘প্রকৃত অর্থেই ডিজিটাল আর্থিক লেনদেনে সক্ষম দেশের তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশ। এখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে ব্যবহারের সময় এসেছে, যার মাধ্যমে শুধু দেশে নয়, সারা বিশ্বেই লেনদেন সম্ভব। এটি বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে। আর্থিক খাতকে শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাঁচটি ব্যাংক একীভূত করে একটি শক্তিশালী ব্যাংক গঠন করা হচ্ছে।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ