28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

নির্বাচনী প্রক্রিয়ায় সাড়ে ৫৬ কোটি টাকা সহায়তা করছে জাপান

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশকে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করতে সাড়ে ৫৬ কোটি টাকা দিচ্ছে জাপান সরকার। এই অর্থ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে দেওয়া হবে। এ লক্ষ্যে জাপানের সঙ্গে ইউএনডিপির একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই অর্থ নির্বাচন কমিশনের ‘ব্যালট’ প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে।

বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও উপস্থিত ছিলেন।

ইসি জানায়, আজকের এই চুক্তির মাধ্যমে একটি অবাধ, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রচেষ্টাকে জোরদার করতে জাপান গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে। এই চুক্তির আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ৬৯৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেবে। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৫৮ কোটি ৫৬ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

প্রকল্পটির লক্ষ্য হলো—ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার করা, নারী, যুবসমাজ ও সমাজে প্রতিনিধিত্ব কম এমন গোষ্ঠীর বৃহত্তর অংশগ্রহণকে উৎসাহিত করা। একইসঙ্গে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাপানের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, এ চুক্তি আমাদের কার্যক্রমকে শক্তিশালী করতে এবং জনগণের আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়তা করবে।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের নিজস্ব অধিকারকে সম্মান করে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরকে পূর্ণ সমর্থন জানায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইউএনডিপির মাধ্যমে জাপানের এই সহায়তা উল্লেখযোগ্য অবদান রাখবে।

অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জাপানের উদারতা এবং দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়—এমন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন শক্তি যোগ করেছে। পাশাপাশি এটি বাংলাদেশ-জাপান বন্ধুত্ব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, মানবিক নিরাপত্তা ও গণতান্ত্রিক উন্নয়নের প্রতিশ্রুতিরও প্রতিফলন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ