30.8 C
Dhaka
Tuesday, June 23, 2026

ভারত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না: প্রেসসচিব

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৯ জুলাই:
ভারত যেন মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তকে রক্ষার পথ পরিত্যাগ করে এবং বিবেক ও নৈতিক স্পষ্টতা নিয়ে কাজ করে—এমন আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই।’’

প্রেসসচিবের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসলেও ভারত তা মেনে নিতে অস্বীকার করেছে। তিনি বলেন, ‘‘এই অবস্থান আর গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত স্বার্থ বা রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই বেসামরিক নাগরিক হত্যার অজুহাত হতে পারে না।’’

শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে বলেন, বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট ‘বিবিসি আই’ সাম্প্রতিক এক অনুসন্ধানে শেখ হাসিনার রাষ্ট্রীয় মদদপুষ্ট হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রকাশ করেছে। গত মঙ্গলবার প্রকাশিত সেই প্রতিবেদনে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজের মাধ্যমে ২০২৪ সালের ছাত্র বিক্ষোভ দমনে শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকা প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘‘বিশ্বজুড়ে স্বীকৃত ও ফরেনসিক দক্ষতায় পারদর্শী বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম যখন স্বাধীনভাবে তদন্ত করে এসব অপরাধ অকাট্যভাবে তুলে ধরে, তখন তা ভিন্ন মাত্রা পায়।’’

প্রেসসচিবের দাবি, ফাঁস হওয়া অডিও রেকর্ডিং এবং বিশ্বমানের ফরেনসিক যাচাই প্রমাণ করে, এই সহিংসতা তাৎক্ষণিক নয়, বরং পূর্বপরিকল্পিত ও অনুমোদিত হত্যাকাণ্ড ছিল।

তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষ ন্যায়বিচার চায় এবং ভুক্তভোগীরা প্রত্যাশা করে বিচারিক সমাপ্তি। বিশ্বকে এখন দেখাতে হবে, কোনো নেতা—তিনি যতই ক্ষমতাধর হোন না কেন—আইনের ঊর্ধ্বে নন।’’

তিনি আরও বলেন, ‘‘ভারত এবং যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। আমরা চাই, ভারত এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করুক এবং ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুক।’’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ