28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক

advertisment
- Advertisement -spot_img

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবির প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পর বাকি জনবল নির্বাচনে দায়িত্ব পালন করবে। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে যেসব ভোটকেন্দ্র রয়েছে, সেখানে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দেবে, সেভাবেই তা পালন করা হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, “নির্বাচনে ভোটকেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তাহানি ঘটে, সেখানে শুধু বিজিবি নয়, পুলিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সব বাহিনী দায়িত্ব পালন করবে। প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মিটিং করে এসব বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সীমান্তে প্রতিনিয়ত পুশ-ব্যাক বা পুশ-ইন হচ্ছে। মাঝেমধ্যে দুয়েকদিন হয়তো বন্ধ থাকে, তবে বিষয়টি চূড়ান্তভাবে বন্ধ হয়নি। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে সব সময় প্রতিবাদ জানানো হচ্ছে। কিছু কিছু জায়গায় বিএসএফের সঙ্গে বৈঠক করে বলা হয়েছে, বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে গেলে তাদের হস্তান্তর করা হোক। সেই অনুযায়ী কিছু কিছু জায়গায় হস্তান্তর করা হচ্ছে। তবে সর্বত্র বা সব জায়গায় বিএসএফ এটা মানছে না। অনেক জায়গায় এখনো পুশ-ব্যাক বা পুশ-ইন চলছে। বিষয়টি নিয়ে বিএসএফের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাই কমিশনকে একাধিকবার অবহিত করা হয়েছে। ভারতের দূতাবাস ও হাই কমিশনারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।”

মহাপরিচালক আরও বলেন, “আমাদের ৪৪২৭ কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের প্রতিকূল ভৌগোলিক অবস্থা রয়েছে। আমাদের মোট জনবল ৫৭ হাজার। সেই তুলনায় জনবল আরও বাড়ানো প্রয়োজন। জনবল বাড়ানোর প্রক্রিয়া চলছে। উখিয়ায় নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। বিভিন্ন জায়গায় আরও ব্যাটালিয়ন গঠন এবং নতুন বিওপি (বর্ডার আউটপোস্ট) স্থাপনের কাজ চলছে। বর্তমান সরকার প্রায় ৫ হাজার নতুন জনবল নিয়োগের আশ্বাস দিয়েছেন। অচিরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ