ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক নারীরা হলেন—ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর সায়েদাবাদ এলাকার আবদুর রবের মেয়ে রোজিনা (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীঘর এলাকার মোহন মিয়ার মেয়ে সাকেরা (৪৩)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা ভারতের রাজনগরের মো. খালেক নামের এক দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। সোমবার সকালে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর সীমান্ত দিয়ে প্রবেশের সময় জয়ন্তীনগর বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃতদের পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


