সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে দেশে অপরাধ বৃদ্ধির দাবি করে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। তবে সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত ১০ মাসে বড় ধরনের অপরাধের হার মোটামুটি স্থিতিশীল রয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, দেশে বড় অপরাধের প্রবণতা এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।
সরকারি তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি ও সশস্ত্র ছিনতাইয়ের মতো গুরুতর ও সহিংস অপরাধের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি হয়নি; বরং কিছু ক্ষেত্রে অপরাধের হার কমেছে। কিছু নির্দিষ্ট অপরাধে কিছুটা বাড়তি প্রবণতা দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা সঠিক হবে না।
পোস্টে আরও বলা হয়, নাগরিকদের অবশ্যই সতর্ক থাকা উচিত, তবে অপ্রমাণিত গুজব বা অতিরঞ্জিত তথ্যের ভিত্তিতে আতঙ্কে না ভুগে বাস্তব চিত্র উপলব্ধি করাই যুক্তিসঙ্গত। পুলিশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনী বেশিরভাগ অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে এবং সামগ্রিকভাবে অপরাধ প্রবণতা স্থিতিশীল রয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরের পাশাপাশি সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতা সংক্রান্ত দুটি পৃথক টেবিল প্রকাশ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই তথ্য পুলিশের নিজস্ব রেকর্ডভিত্তিক।


