নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ। আগে আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে একটি নৌকার ছবি ছিল। বর্তমানে সেই ছবি আর দেখা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রতীকটি সরানো হয়েছে।
নির্বাচন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নৌকা প্রতীক নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী, দল হিসেবে আওয়ামী লীগ বিলুপ্ত হলে তখন প্রতীক হিসেবে ‘নৌকা’ তফসিল থেকে বাদ দেওয়া হবে। তবে কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে ইসি চাইলে তা ওয়েবসাইট থেকে সরাতে পারে।
আরও পড়ুন:
- প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি, দিতে হবে আরও ডকুমেন্টস
- ইসির ৫১ কর্মকর্তাকে বদলি
- ইসির প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল
নৌকা প্রতীক বহাল রাখা নিয়ে সম্প্রতি বিতর্ক দেখা দেয়, বিশেষ করে নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধনের প্রস্তাব সামনে আসার পর। ওই খসড়ায় ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব রাখা হয়, যার মধ্যে জামায়াতে ইসলামীর নিবন্ধনের পর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও যোগ করা হয়। তবে নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও ‘নৌকা’ প্রতীক তাতে বহাল রাখার প্রস্তাব উঠে আসে, যা নিয়ে সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”
বর্তমানে ইসির তফসিলভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য এবং ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।


