রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম-এর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে, বিকেল ৩টায় তৌকিরের মরদেহ ঢাকা থেকে একটি হেলিকপ্টারে রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিহত পাইলটকে তাঁর উপশহরের ভাড়া বাসার সামনে নেওয়া হয়।
এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়—পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষবারের মতো বিদায় জানান।
এর আগে রাজধানীর কুর্মিটোলায় তৌকিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন—
- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান,
- নৌবাহিনী প্রধান,
- বিমানবাহিনী প্রধান (ভারপ্রাপ্ত),
- এবং নিহতের পরিবারবর্গ।
এর আগে, নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়, যাতে সামরিক মর্যাদায় তাঁকে সম্মান জানানো হয়।
তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের প্রতিরক্ষা বাহিনী ও সাধারণ মানুষের মাঝে।


