ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরো বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায়।”
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা তাঁর সরকারি বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন—এর নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন।
সেখানে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে এই বক্তব্য দেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের ব্রিফ করেন।
আসিফ নজরুল বলেন, “দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চারটি বড় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।”
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো মতভিন্নতা বা বিরোধ নেই। এই ঐক্যের প্রশ্নে সবাই একমত।”
আইন উপদেষ্টা আরও বলেন, “তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন, রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে মাঝেমধ্যে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি। তবে এর মানে এই নয় যে তাঁরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তাঁরা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে এ ধরনের কিছু কথাবার্তা মাঝে মাঝে বলা হয়। কিন্তু এর থেকে কোনোভাবেই ধারণা করা উচিত নয় যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে আমাদের মধ্যে কোনো রকম ফাটল আছে।”
তিনি জানান, রাজনৈতিক দলগুলো সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও বেশি কঠোর অবস্থান নেওয়ার কথা বলেছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।


