34.5 C
Dhaka
Thursday, June 18, 2026

বাংলাদেশে নিহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব : প্রেস সচিব

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। তিনি বলেন, কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো সেটা রিপোর্ট করে, হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছে তথ্য জানায় এবং সেখান থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

শফিকুল আলম বলেন, “সাংবাদিক হিসেবে আমি ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য বড় ধরনের দুর্ঘটনা-দুর্যোগের ঘটনায় রিপোর্ট লিখেছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। প্রাথমিকভাবে, কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো সেটা রিপোর্ট করে। হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছে তথ্য জানায় এবং সেখান থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। এই ঘটনায় মাইলস্টোন কলেজ নিখোঁজদের সনাক্ত করতে সেদিনের শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড ক্রস-রেফারেন্স করতে পারে।”

স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দুজন উপদেষ্টা স্কুল কর্তৃপক্ষকে ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রেস সচিব। কন্ট্রোল রুম থেকে স্কুলের রেজিস্ট্রির তথ্যের সঙ্গে মিলিয়ে আহত এবং নিহতের সংখ্যা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হবে। উপদেষ্টারা নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রমে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। তিনি বলেন, “আমরা আশা করছি কন্ট্রোল রুমটি আজ থেকে সম্পূর্ণরূপে কার্যকর হবে।”

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, সামরিক বাহিনীও এই প্রচেষ্টায় সহায়তা করছে।

তিনি আরও বলেন, “আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, হতাহতের সংখ্যা কম করে দেখানোর কোনো কারণ সরকারের নেই।”

মঙ্গলবার মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে প্রেস সচিব বলেন, “গতকাল আমরা স্কুলে নয় ঘণ্টা কাটিয়েছি। যদিও আমরা আরও আগে চলে আসতে পারতাম, কিন্তু উপদেষ্টারা বলপ্রয়োগ ছাড়াই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তারা যত সময়ই প্রয়োজন হোক না কেন, সেখানে অবস্থান করার জন্য প্রস্তুত ছিলেন। আমরা পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল হওয়ার পরই সেখান থেকে বের হয়েছি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ