স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের শুরুতেই বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
এছাড়া বৈঠকে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।
এ ছাড়া নিহত দুই শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে, নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত হয়। এই উদ্যোগে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করবে।


