30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস সচিব

advertisment
- Advertisement -spot_img

আগামী মঙ্গলবার, ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে “জুলাই ঘোষণাপত্র” জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত খুব শিগগির জানানো হবে।”

এর আগে শনিবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘পুনর্জাগরণ র‌্যালি’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, বহু প্রতীক্ষিত এই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশিত হতে পারে।

ঘোষণার সময়সূচি সম্পর্কে আভাস দিয়ে মাহফুজ বলেন, “৫ আগস্টের মধ্যেই আপনারা এটি দেখতে পাবেন। আজই হয়তো তার তারিখ ঘোষণা হতে পারে, কিংবা এর আগেও এটি প্রকাশিত হতে পারে।”

তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রে যারা গণ-অভ্যুত্থান সংঘটিত করেছেন, তাদের ভূমিকার একটি দালিলিক প্রমাণ থাকবে। আমরা কোন আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক প্রেক্ষাপটে এই অভ্যুত্থানে পৌঁছেছিলাম, কেন এটি ঘটেছিল, এবং আমরা কী পরিবর্তনের পথে এগোতে চেয়েছিলাম—এসব বিষয় এতে অন্তর্ভুক্ত থাকবে।”

এর আগে, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দেন যে “জুলাই ঘোষণাপত্র” আসছে।

তথ্য উপদেষ্টা তার পোস্টে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে। এই ঘোষণাপত্রকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ তৈরি করার জন্য সবাইকে ধন্যবাদ।”

অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৮ আগস্ট দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যার মূল ম্যান্ডেট হলো—রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ। এই প্রেক্ষাপটে “জুলাই ঘোষণাপত্র” অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ