29.4 C
Dhaka
Wednesday, June 17, 2026

যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না, তাদের হাতে এখন আইফোন : ওসমান হাদী

advertisment
- Advertisement -spot_img

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, “একটা অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে যার ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে, এটা বলতে হবে।”

শনিবার (২ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওসমান হাদী বলেন, “আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি—পারলে আমরা আগে নিজেদের সংস্কার করি। আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা থাকলে ভালো হতো। স্বাস্থ্য উপদেষ্টা মানুষ ভালো, কিন্তু তিনি অসুস্থ। তাহলে তিনি পুরো জাতির স্বাস্থ্য কীভাবে ঠিক করবেন? কষ্টের ব্যাপার হলো, আজও আমাদের বলতে হচ্ছে—ঢাকা মেডিক্যালের মর্গে যে ছয়টি লাশ শহীদ হয়ে পড়ে আছে, তাদের ৫ আগস্টের আগেই রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে। নইলে আমরা আবার ঘেরাও করব। পরে সরকার থেকে জানানো হয়েছে যে ৪ তারিখে সেটি করা হবে।”

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি মনে করেন, জুলাইয়ে ছেলেমেয়েদের নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, এখন ক্ষমতা আপনাদের হাতে এসেছে—তাই এখন আর এই বাচ্চাদের কথা বলা যাবে না বা দিতে হবে না, তাহলে আল্লাহর ওয়াস্তে তওবা করেন। যদি এই বাচ্চাদের জবান বন্ধ করতে চান, মনে রাখবেন—আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “হাসিনার পতনে রাস্তায় নেমেছিল কলেজে পড়ুয়া ছেলে-মেয়েরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ রাঙিয়ে দিয়েছিল। কিন্তু আফসোস, আমাদের ভাই-বোনদের অনেকেই করাপটেড হয়ে যাচ্ছে। আমি কোনোভাবেই ভেবে পাই না—যে ভাই এক বছর আগে ৪০০-৫০০ টাকার টি-শার্ট পরত, সে এখন ৫০০০ টাকার টি-শার্ট পরে কীভাবে? একটা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করতে যার ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে, এটা বলতে হবে।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াত যদি চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধেও আমরা বলব। কিন্তু এর মানে এই নয়, কেউ যদি জুলাই বিক্রি করে নতুন বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে—তাহলে তাকে আমরা ছাড় দিয়ে দেব। এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ সততা এবং ইনসাফের রাজনীতি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ