বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একাত্তরে যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে আখ্যায়িত করছে।
রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত ‘ভোটারধিকার প্রতিষ্ঠায় জুলাই অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
চব্বিশের আন্দোলনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে পিআর পদ্ধতির নির্বাচন ও উচ্চকক্ষ ছিল কি না—সেটাই এখন প্রশ্ন।”
নজরুল ইসলাম খান আরও বলেন, “এ মুহূর্তে প্রধান দাবিই হলো গণতন্ত্রে উত্তরণ ও জনগণের অধিকার পুনরুদ্ধার। বাংলাদেশে অতীতে যত ঐতিহাসিক সংস্কার হয়েছে, সবই বিএনপির হাত ধরে হয়েছে। অথচ আজ বিএনপিকেই সংস্কারের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।”
তিনি অভিযোগ করে বলেন, “কেউ কেউ নতুন জোট তৈরির চেষ্টা করছেন। কিছুদিন আগেও যারা একে অপরকে বেইমান বলতেন, তারাই এখন ঐক্য করছেন। আবার কেউ কেউ নতুন দল সংগঠিত করে নির্বাচনের সময় বিলম্বিত করার অপচেষ্টা করছেন।”
নজরুল ইসলাম খান আরও বলেন, “যারা এই দেশে গুম-খুন করেছে, তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পরিষ্কার। তাদের দ্রুত বিচার হওয়া উচিত। বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিলম্বিত হবে—এমন ধারণা যারা দিচ্ছেন, তারা মতলববাজ।”


