৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বরাবরের মতোই সতর্ক আছে সরকার।”
সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আইন-শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ‘মব’ আগের চেয়ে কমেছে।”
তিনি আরও বলেন, “গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে এক বছরে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর কখনোই আইন-শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত হয়নি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে।”
উপদেষ্টা জানান, “আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষ অবস্থা নির্বাচন পর্যন্তই চলবে। পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে দল বেশি দুর্বল, তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।”


