দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাঁর ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হওয়া ওয়াসিম।
শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের সেই পোস্ট দুটি স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রশিবির আয়োজিত চিত্র প্রদর্শনীতে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত প্রদর্শনীতে ২০২৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে দেওয়া আবু সাঈদ ও ওয়াসিমের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট প্রদর্শন করে ছাত্রশিবির।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট মৃত্যুবরণ করেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।
তাঁর মৃত্যুতে শহীদ আবু সাঈদ ফেসবুকে লিখেছিলেন,
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। বিদায় হে রাহবার।”
১৫ আগস্ট, মৃত্যুর একদিন পর শহীদ ওয়াসিম লিখেছিলেন,
“একজনের মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে, আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের শোক হয় না। ধর্মীয় ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির মধ্যে এটাই উজ্জ্বল উদাহরণ। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কোটি মানুষের মণিকোঠায়।”
এর আগে ৫ আগস্ট টিএসসিতে ছাত্রশিবিরের আরেক প্রদর্শনীতে স্থান পায় যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে।
এই ঘটনায় বাম ছাত্রসংগঠনগুলোর আপত্তি ও বিক্ষোভের মুখে প্রশাসন ছবি সরিয়ে দেয়। পরদিন ৬ আগস্ট ছাত্রশিবির প্রদর্শনীতে যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য, বিচারকার্যের অসংগতি এবং ভুয়া সাক্ষীর জবানবন্দির নানা চিত্র টানিয়ে দেয়। আজ একই স্থানে তারা প্রদর্শন করল শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের দেওয়া সাঈদীকে নিয়ে লেখা ফেসবুক স্ট্যাটাস।


