27.7 C
Dhaka
Thursday, June 18, 2026

কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি

advertisment
- Advertisement -spot_img

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত থেকে থাকলে দয়া করে সরে আসুন। আমরা কঠোর অবস্থানে থাকব। তারা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি—এবার তারা ফাঁদ দেখবে। কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, দেশের ক্রান্তিলগ্নে আমি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছি। এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ কোন দিকে আগাবে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটব নাকি অন্য পথে হাঁটব—তা নির্ধারিত হবে এই নির্বাচন থেকে। নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ-জাতি, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা নির্বাচন কমিশনে কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা পরিচালিত নই। আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে নির্বাচনটা অর্গানাইজ করা, সেটা করে দেওয়া। আমরা এর মধ্যে থাকব, কোনো রাজনৈতিক বিতর্কে যেতে চাই না।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি নিচ্ছি। এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটার তালিকার বিশাল দায়িত্ব ছিল। আমাদের অফিসারসহ ৭৭ হাজারের বেশি লোক কাজে লাগানো হয়েছে। এর আগে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, তারপর মাঠে নামানো হয়েছে। বাড়ি বাড়ি হালনাগাদ করা হয়েছে, মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। কিছু ভোটার হওয়ার যোগ্য হলেও তাদের নাম তালিকায় ছিল না, তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা মোটামুটি হালনাগাদ হয়ে গেছে। কিছু সংশোধন শেষে ফাইনাল তালিকা প্রকাশ করা হবে।

কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ বিতর্ক নিয়ে সিইসি বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক চলছে, আমি এর মধ্যে যেতে চাই না। যদি আইন পরিবর্তন হয়, তখন তা হবে। সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষায় অংশ নিতে পারে।

বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে সিইসি বলেন, সরকার আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ