ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে পাহাড়ি শিক্ষার্থীদের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা। সংগঠনটির মতে, এই বিজয়ের মধ্য দিয়ে পাহাড়ের সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছেন, যা সবার জন্যই গর্বের।
বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া।
বিবৃতিতে বলা হয়, দেশের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের মঞ্চ ডাকসুতে ভিপি পদে সংগঠনের সদস্য আবু সাদিক কায়েমের বিজয় পাহাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে। এ অর্জন প্রমাণ করেছে পাহাড় আর পিছিয়ে নেই। সুযোগ পেলে পাহাড়ি শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও নেতৃত্বের দক্ষতা তুলে ধরতে সক্ষম।
নেতারা আরও বলেন, এই জয় শুধু সাদিক কায়েম, এস. এম. ফরহাদ, হেমা চাকমা, সর্বমিত্র চাকমা বা অন্য বিজয়ীদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো পার্বত্য চট্টগ্রামের মানুষের বিজয় এবং নতুন দিগন্তের উন্মোচন।
পার্বত্য চট্টগ্রাম সমিতি আশা প্রকাশ করে, ডাকসুর নতুন নেতৃত্ব পাহাড়ের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
শুভেচ্ছাবার্তায় নতুন ডাকসু নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং তাদের দায়িত্বপালনে সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের যেসব প্রার্থী বিজয়ী হয়েছেন তারা হলেন— ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদ, কেন্দ্রীয় সংসদের সদস্য হেমা চাকমা ও সর্বমিত্র চাকমা এবং কবি জসীমউদ্দিন হলের রিডিং রুম সম্পাদক কামরুল হাসান।


